তরঙ্গের বিনিময়ে ফ্রি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দাবি

১৩ এপ্রিল, ২০২০ ১৪:৫৪  
তরঙ্গের বিনিময়ে ফ্রি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। সোমবার গণমাধ্যমের কাছে এ দাবি করেছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপারেটরদের থেকে একেবারে বিনামূল্যে না নিয়ে রাষ্ট্রীয় সম্পদ যা অব্যবহৃত ভাবে পড়ে আছে (তরঙ্গ) তা প্রত্যেক অপারেটরকে ৫ মেগাহার্স করে ৬ মাসের জন্য ফ্রি প্রদান করতে পারে সরকার। আর এর মাধ্যমে অপারেটরদেরকে বিনামূল্যে এই সেবা প্রদান করতে বাধ্য করা যেতে পারে। আর এতে করে ৮০ শতাংশ নাগরিককে ঘরে আটকে রাখা যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। মহিউদ্দিন আরো বলেন, দেশে এখন অঘোষিত লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে ভয়েস কল কমেছে প্রায় ২০ শতাংশ। তবে ডাটার ব্যবহার বেড়েছে প্রায় ২৫ শতাংশ। কিন্তু সেবাটি জরুরী সেবার অন্তর্ভূক্ত করা হলেও সমন্বয়হীনতার কারণেএই সেবা প্রাপ্তিতে বড় বাধা সৃষ্টি করছে।